Recovered Transmission
Archive ID
E-0823
Earth Log // 0823
Earth Log // 0823
কসমো,
বর্ষা বিদায়ের দিন চলে এসেছে। ঢাকার রাস্তাঘাট জল ছেড়ে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। রোদ উঠলে এখন আর শহরটাকে ভেজা মনে হয় না।
অদ্ভুত, তাই না? একটা শহরও কত সহজে তার আগের ঋতুর চিহ্ন মুছে ফেলে।
বেশ কিছুদিন হলো তোমায় চিঠি লেখা হয়নি। আমি নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি। ব্যস্ততা বেড়েছে, কাজকর্মে মনোযোগও বেড়েছে। দিনগুলো এখন বেশ দ্রুত চলে যায়। কখন সকাল থেকে রাত হয়ে যায়, টের পাই না।
ইদানীং আইজিতে আর যাওয়া হয় না।
তোমাকে নিয়ে তো আইজিতে কখনো যাইনি, তাই না?
তুমি চলে যাওয়ার পর একদিন সেখানে গিয়ে কফি খেয়ে এসেছিলাম। সেদিনই প্রথম খেয়াল হলো, আমি অ্যামেরিকানোর প্রতি বেশ লয়াল।
মানুষের প্রতি আমরা কতটা লয়াল থাকতে পারি জানি না, কিন্তু কিছু স্বাদ আমাদের ছেড়ে যায় না।
আজকাল অবশ্য ওখানেও আর যাওয়া হয় না।
আমরা বোধহয় এমনই, কসমো।
বর্ষার পর ঢাকা যেমন শুকিয়ে যায়, আমরাও বোধহয় তেমনি পুরনো দিনগুলোর ভেজাভাব একটু একটু করে হারিয়ে ফেলি। যে রাস্তায় একসময় হাঁটুসমান জল ছিল, কিছুদিন পর সেই রাস্তা দেখে বোঝারও উপায় থাকে না—এখানে কোনোদিন এত জল জমেছিল।
স্মৃতিও বোধহয় এমন।
একসময় যেসব মানুষ, জায়গা কিংবা ঘটনা আমাদের সমস্ত দিন দখল করে রাখে, সময় গেলে তাদের জন্য আলাদা করে জায়গা রাখতে হয় না। তারা কোথাও থেকে যায়, কিন্তু জীবন তাদের চারপাশ দিয়ে নতুন রাস্তা বানিয়ে নেয়।
তারপর নতুন কিছু আসে। নতুন মানুষ, নতুন জায়গা, নতুন ব্যস্ততা।
আমরাও আকৃষ্ট হয়ে পড়ি।
এটা ভুলে যাওয়া কি না, আমি জানি না।
আমার অনেক কথা জমে আছে। আস্তে ধীরে বলব তোমায়। যেভাবে বর্ষা একদিনে বিদায় নেয় না।
আচ্ছা কসমো, আজকাল নোরিয়ামে তোমার দিনকাল কেমন কাটে? ওখানেও কি ঋতু বদলায়?
তুমি ভালো আছো?
ঢাকা, পৃথিবী
Previous Archive
Earth Log // 0829Next Archive
Earth Log // 0718