ক্যালেন্ডারের দিন গুনতে গুনতে

ক্যালেন্ডারের দিন গুনতে গুনতে—
শীত নেমে এসেছে ধীরে।
আমি লং কোটে ঢাকা শহরজুড়ে হাঁটি,
চেনা অলিগলির ধোঁয়াবোনা বাতাসে
নিঃশ্বাসটা কফির মতো উষ্ণ হয়ে ওঠে।
আইজি বা নর্থ এন্ডের টেবিলের কোণে
সময়কে রেখে আসি নিঃশব্দে।

ক্যালেন্ডারের দিন গুনতে গুনতে—
বসন্ত এসে পড়ে।
নগ্ন ডালে সবুজের প্রথম ফিসফিস,
পাখিরা ফিরে যায় নীড়ে।
আমি চন্দ্রিমা উদ্যানে,
আদা-চা হাতে,
ঢাকাকে দেখি—
নতুন, তবু একই রকম ক্লান্ত।

ক্যালেন্ডারের দিন গুনতে গুনতে—
বর্ষা নামে।
অলিগলি টইটম্বুর হয়,
জঞ্জালে থেমে যায় ব্যস্ত শহর।
লেবু-চা হাতে বারান্দায় দাঁড়িয়ে
বৃষ্টি দেখি,
আকাশ দেখি,
মেঘ দেখি—
কিন্তু নিজেকে দেখি না।

ক্যালেন্ডারের দিন গুনতে গুনতে—
শরৎ এসে দাঁড়ায়।
কষ্টগুলো তুলোর মতো ভাসে,
আকাশ হয় নির্মল, নীল, নির্ভার।
নদীর ধারে কাশফুলের ঢেউ ভাঙে,
হাওয়ায় ভেসে আসে পূজার গন্ধ।

তারপর?
তারপর—
সপ্তাহ যায়,
মাস যায়,
বছরও চুপচাপ পেরিয়ে যায়।

সব ঋতু বদলে যায় ধীরে ধীরে,
আর এক সকালে
কফির মগ হাতে হঠাৎ দেখি—
তোমার কথা
আর পড়ে না মনে।